Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াঅপরাধআন্তর্জাতিকইন্ডিয়া

আইফোনের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণীকে আগরতলায় আসতে বলেন এবং দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত ব্যক্তি।

অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওষুধ কিনতে ট্রেনে করে আগরতলায় পৌঁছান ওই তরুণী। পরে বধারঘাট রেলস্টেশন থেকে অভিযুক্ত তাকে মোটরসাইকেলে তুলে একটি হোটেলে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button