Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ছাগলকে কলাপাতা খাওয়ানো নিয়ে বিরোধ, সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাগল দিয়ে কলাপাতা খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সালিশ বৈঠকে মানিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার ভাইয়ের ছাগল পাশের বাড়ির একটি কলাগাছের পাতা খেয়ে ফেলায় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় ঝাজিরা বাঙালি বাজারে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে কাকরুল (২৮) মানিক মিয়ার মাথায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কাকরুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button