থালাপতি বিজয়ের নজির: মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরলো ব্রিটিশ আমলের সাদা তোয়ালে

আন্তর্জাতিক ডেস্ক: থালাপতি বিজয় দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতীকী পরিবর্তনের মাধ্যমে আলোচনায় রয়েছেন। এবার তিনি তামিলনাড়ুর সচিবালয়ে বহুদিনের একটি পুরোনো রেওয়াজ ভেঙে নতুন বার্তা দিয়েছেন।
দীর্ঘদিন ধরে সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীদের চেয়ারে সাদা তোয়ালে ব্যবহার করা হতো, যা অনেকের মতে ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। তবে শুক্রবার (১৫ মে) সচিবালয়ে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আর সেই সাদা তোয়ালে দেখা যায়নি।
বিষয়টি প্রথম সামনে আসে সমাজকর্মী লিসিপ্রিয়া কাঞ্জুগাম–এর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। তিনি লেখেন, সরকারি দপ্তরে চেয়ারে সাদা তোয়ালে ব্যবহারের সংস্কৃতি এখনও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ এবং এটি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি করে।
এর কিছু সময় পরই সচিবালয়ের বৈঠকের ছবিতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর চেয়ারে আর কোনো সাদা কাপড় নেই। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো নির্দেশনা বা বিবৃতি দেওয়া হয়নি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন।
ইতিহাসবিদদের মতে, ব্রিটিশ শাসনামলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আলাদা মর্যাদা ও আরামের প্রতীক হিসেবেই এই রেওয়াজ চালু হয়েছিল। তাই বিজয়ের এই সিদ্ধান্তকে শুধু আসবাবের পরিবর্তন নয়, বরং প্রশাসনিক সংস্কৃতিতে নতুন বার্তা হিসেবেও দেখা হচ্ছে।



