কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কুমিল্লাসহ আশপাশের অঞ্চলে কৃষিভিত্তিক উৎপাদন ব্যাপক হওয়ায় এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। তিনি জানান, এ বিষয়ে খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবির প্রসঙ্গে তিনি বলেন, “যদি এটি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করা হবে।”
বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৬-১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং ভোটের দাবি তুললেই গুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল, তাই এখন প্রয়োজন অর্থনীতি, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ে তোলা। তিনি নারী স্বাবলম্বিতা, কৃষকের উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং জনগণের অংশগ্রহণ ছাড়া শুধু সরকারের পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
কৃষকদের ঋণ মওকুফের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের ১০ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে। এতে সারা দেশের প্রায় সাড়ে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকারিয়া তাহের সুমন, আমিন উর রশিদ ইয়াছিনসহ বিএনপি ও স্থানীয় নেতারা।



