Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

১০ লাখের মোহরানা বদলে ১ লাখ, কাজী গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: বিয়ের কাবিননামায় উল্লেখ থাকা ১০ লাখ টাকা মোহরানা পরিবর্তন করে ১ লাখ ১০ হাজার টাকা করার অভিযোগে গাইবান্ধার এক কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে গাইবান্ধা পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া কাজীর নাম আব্দুল গোফফার। তিনি গাইবান্ধা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত কাজী হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানিপাড়ায় গোফফার কাজীর অফিসে রিক্তা আক্তার শিখা–র সঙ্গে শরিফ আল কামাল–এর ১০ লাখ টাকা মোহরানায় বিয়ে সম্পন্ন হয়। পরে কাবিননামা সংগ্রহ করতে গেলে বিভিন্ন অজুহাতে তা দিতে দেরি করা হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর দাবি, পরে তাকে ১ লাখ ১০ হাজার টাকা মোহরানা উল্লেখ করে একটি কাবিননামা দেওয়া হয়। তিনি এটিকে ভুয়া বলে প্রতিবাদ করলে কাজী তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে মোহরানার পরিমাণ পরিবর্তন করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ মে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিক্তা আক্তার। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার স্বামী শরিফ আল কামাল ও কাজী আব্দুল গোফফারের বিরুদ্ধে প্রতারণার মামলা নেয় পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কাবিননামায় প্রতারণার অভিযোগে অভিযুক্ত কাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button