দীর্ঘ ৭০ বছর লিভ-ইনের পর বিয়ের সিদ্ধান্ত রাজস্থানী দম্পতির!

আন্তর্জাতিক ডেস্ক: একই মানুষের সঙ্গে সারাজীবন কাটানো সম্ভব কি না—এই প্রশ্ন থেকেই অনেকের মনে বিয়ে নিয়ে দ্বিধা তৈরি হয়। কেউ কেউ মনে করেন, দীর্ঘ সময় একসঙ্গে থাকার আগে সম্পর্ককে যাচাই করে নেওয়া জরুরি। সেই ভাবনা থেকেই আধুনিক সমাজে অনেকেই বেছে নেন ‘লিভ-ইন’ সম্পর্ক। কারও ক্ষেত্রে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে, আবার কারও ক্ষেত্রে বিচ্ছেদই হয়ে ওঠে শেষ পরিণতি।
তবে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল রাজস্থানের এক বৃদ্ধ দম্পতির গল্প, যারা প্রায় ৭০ বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। রাজস্থানের দুনগড়পুর জেলার এক আদিবাসী সম্প্রদায়ের সদস্য রমাভাই খারারি ও জিওয়ালি দেবী দীর্ঘদিন একসঙ্গে সংসার করলেও কখনও বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। বর্তমানে রমাভাইয়ের বয়স ৯৫ এবং জিওয়ালি দেবীর বয়স ৯০ বছর।
তাদের সম্পর্কের পেছনে রয়েছে ওই সম্প্রদায়ের প্রচলিত একটি প্রথা, যার নাম ‘নাতা’। এই রীতিতে পুরুষ ও নারী সামাজিক স্বীকৃতির মাধ্যমে একসঙ্গে জীবনযাপন শুরু করেন, তবে প্রচলিত বিয়ের আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। এ ধরনের সম্পর্কে জন্ম নেওয়া সন্তানরাও পিতার সম্পত্তিতে অধিকার পেয়ে থাকে।
তবে এই প্রথায় কিছু সামাজিক বিধিনিষেধও রয়েছে। ‘নাতা’ সম্পর্কের নারীরা সন্তানের বিয়ের নানা আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। জীবনের শেষ পর্যায়ে এসে সেই সীমাবদ্ধতা দূর করতেই আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন এই বৃদ্ধ দম্পতি।
আট সন্তান ও বহু নাতি-নাতনিকে নিয়ে তাদের পরিবারে ছিল উৎসবের আমেজ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ে। পরে সেই বিরল মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।



