Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

বাংলা টিভি ডেস্ক: গরুর নাম ‘বিসিএস ক্যাডার’—শুনলেই লোকজন হাসছে। কিন্তু এই ‘বিসিএস ক্যাডার’ নামের যথাযথ কারণ রয়েছে বলে জানিয়েছেন যশোর সদর উপজেলার সীতারামপুরের মহিদুল জামান কাজল।

জেলা পশুসম্পদ দপ্তর সূত্র জানায়, চলতি বছর কোরবানির জন্য হৃষ্ট-পুষ্ট গবাদিপশুর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৭৭। এ বছর চাহিদা রয়েছে ১ লাখ ৩ হাজার ১২৮টি। উদ্বৃত্ত থাকছে ১৪ হাজার ৮৪৯টি।

যশোর জেলায় খামারির সংখ্যা ১৩ হাজার ৬৪০ জন। হৃষ্ট-পুষ্ট ষাঁড়ের সংখ্যা ২৮ হাজার ৮৪৪, বলদ ৯৫৭, গাভী ৩৬ হাজার ২৫৯। ছাগলের সংখ্যা ৮১ হাজার ২৭৬ এবং ভেড়া ৪৪২টি।

প্রতি বছর কুরবানির হাটে দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এ বছর কোরবানির হাট কাঁপাবে যশোরের দানব আকৃতির গরু ‘বিসিএস ক্যাডার’। বেশ যত্ন করে বেড়ে তোলা গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন লোকজন। খামার মালিকের দাবি, এটাই যশোরের সবচেয়ে সুদর্শন গরু।

জানা যায়, ঈদুল আজহার বাকি এখনো প্রায় ১২ দিন। এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে যশোরের এই গরুটি। কাজল মাস দশেক আগে গরুটি ক্রয় করেন। এরপর অতি যত্নে লালন-পালন করায় গরুটির নাম রেখেছেন ‘বিসিএস ক্যাডার’। খামারে ঢুকলে প্রথমেই নজর পড়বে বিশালদেহী, উজ্জ্বল গায়ের রং আর রাজকীয় ভঙ্গির গরুটির দিকে। বিশাল এই ষাঁড়টি নজর কেড়েছে স্থানীয়দের।

খামারি কাজল বলেন, আমার খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪২টি গরু। ‘বিসিএস ক্যাডার’ নামে ষাঁড়টি ব্রাহমা জাতের। এর ওজন ১ হাজার কেজি। দাম বলেছি ১৪ লাখ ৫০ হাজার টাকা। সবচেয়ে বেশি ওজনের হোলস্টেইন ফ্রিজিয়ান (সাদা-কালো) গরুটির ওজন ১ হাজার ১০০ কেজি। এর দাম রাখা হয়েছে ১১ লাখ টাকা।

এছাড়া পাকিস্তানের শাহীওয়াল জাতের একটি গরু রয়েছে, যার ওজন ৮৭৫ কেজি। এই গরুটির দাম ধরা হয়েছে সাড়ে ৮ লাখ টাকা।

গরুর এমন নামের কারণ জানতে চাইলে খামারি কাজল বলেন, আমার খামারে কোরবানির জন্য প্রস্তুত ৪২টি গরু। এর মধ্যে বিশেষভাবে লালন-পালন করেছি ব্রাহমা জাতের এই সুন্দর গরুটিকে। এটি আমার গোয়ালের সবচেয়ে সুন্দর গরু। তাই শখ করে এ নাম রেখেছি।

তিনি আরও বলেন, এই প্রজাতির গরুর লালন-পালনে বেশ পরিশ্রম করতে হয়। যেমন পরিশ্রম করতে হয় কোনো ছাত্রকে বিসিএস ক্যাডার হতে। একজন ছাত্র ও তার অভিভাবকের কঠোর পরিশ্রম আর মানসম্মত প্রস্তুতির ফসল যেমন বিসিএস ক্যাডার, তেমনই ব্রাহমা জাতের এই গরুটিও সেই মানের। এর পরিচর্যায়ও বেশ পরিশ্রম করতে হয়। আর আভিজাত্য ধরে রাখতে নেওয়া হয় বাড়তি যত্ন। শ্যাম্পু দিয়ে দুই বেলা গোসল, ২৪ ঘণ্টা ফ্যানের বাতাস আর মশার কামড় থেকে বাঁচাতে সার্বক্ষণিক কয়েলের ব্যবস্থা রয়েছে গরুটির জন্য।

মহিদুল জামান কাজল পেশায় সমবায় অধিদপ্তরের অডিট অফিসার। ২০১৭ সালে ৫টি গরু নিয়ে শুরু করেন তার খামার। বর্তমানে খামারে রয়েছে মোট ৪২টি গরু। কোরবানির ঈদ সামনে রেখে গরুগুলো প্রস্তুত করেছেন তিনি।

যশোরে কুরবানির পশুর বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, জেলায় কোরবানির চাহিদা মিটিয়ে অন্য জেলায় পশু সরবরাহ করা যাবে। সাধারণত চট্টগ্রাম, সিলেট ও খুলনায় যায় এখানকার খামারিদের পশু।

তিনি বলেন, অনেক খামারি অভিযোগ করছেন, খাবারের দাম বেশি হওয়ায় হৃষ্ট-পুষ্টকরণে খরচ বাড়ছে। আমরা পরামর্শ দিয়েছি, দানাদার খাবারের চাপ কমিয়ে বেশি করে সবুজ ঘাস খাইয়ে হৃষ্ট-পুষ্ট করতে। এ ছাড়া বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি, ভারতীয় গরু এবারও আসছে না।

তবে বিসিএস ক্যাডার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বিরূপ মন্তব্য দেখা গেছে। কেউ বলছেন, এই নাম দেওয়া ঠিক হয়নি। এর ফলে বিসিএস ক্যাডারদের অসম্মান করা হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button