Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন: আহ্বায়ক আবদুল হাই, সদস্য সচিব জুবায়ের বাবু

নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। সংবাদমাধ্যমের নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পেশাগত ঐক্য জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিন ঢাকাতে আয়োজিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন।

সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বক্তারা জানান, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম এখন সময়ের দাবি। সংগঠনটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: পেশাগত উৎকর্ষ: টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়ন ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষা। সম্পাদকীয় স্বাধীনতা: স্বাধীনভাবে সংবাদ পরিচালনার পরিবেশ নিশ্চিত করা। প্রশিক্ষণ ও গবেষণা: সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজ পরিচালনা। তথ্য যাচাই: বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (Fake News) প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা। আন্তর্জাতিক যোগাযোগ: বিশ্বজুড়ে সাংবাদিকতার আধুনিক ধারার সঙ্গে তাল মেলাতে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি।

আহ্বায়ক কমিটি জানিয়েছে, খুব দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ প্রদান এবং পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button