
বাংলা টিভি ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে হাসপাতালে চরম উত্তেজনা তৈরি হয়।
স্বজনদের অভিযোগ, কিডনি জটিলতায় আক্রান্ত শিশু মিনহাজকে রংপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল। চিকিৎসকের নির্দেশ ছিল, কোনোভাবেই অক্সিজেন মাস্ক খোলা যাবে না। কিন্তু উন্নত চিকিৎসার আশ্বাস ও বেসরকারি ক্লিনিকে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটির মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেন।
পরিবারের দাবি, এরপর প্রায় ২০ মিনিট শিশুটিকে অক্সিজেন ছাড়া হাসপাতালের ভেতরে ঘোরানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় তারা বুঝতে পারেন শিশুটি আর বেঁচে নেই।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনায়েত করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ঢামেক হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত অফিস সহকারী এবং দীর্ঘদিন ধরে দালালি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও রোগী স্থানান্তর ও আর্থিক লেনদেনসংক্রান্ত অনিয়মের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন। তবুও তিনি হাসপাতাল এলাকায় সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় দালালচক্রের উপস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, রোগীর চাপের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লিখিত মুচলেকা নিয়ে অভিযুক্তকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।



