Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের পরিস্থিতি মোকাবিলায় সরকারের মূল মনোযোগ এখন টিকাদান ও চিকিৎসা কার্যক্রমের ওপর। তিনি বলেন, টিকা না নেওয়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা হবে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হামের ক্ষেত্রে টিকার কোনো বিকল্প নেই। তাই বর্তমানে যেসব এলাকায় টিকা থেকে বঞ্চিত শিশু রয়েছে, সেখানে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরি করে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। তার ভাষায়, টিকা নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, তাই সে সময় পর্যন্ত সতর্কতা জরুরি।

তিনি আরও বলেন, হামের চিকিৎসায় কোনো ঘাটতি নেই এবং আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

হামের টিকা সংকট নিয়ে কোনো তদন্ত হবে কি না—এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংকট চলমান অবস্থায় তদন্ত নয়, বরং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণই অগ্রাধিকার। সংকট শেষ হলে বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন। মন্ত্রী জানান, ডেঙ্গুর কোনো টিকা নেই, তাই প্রতিরোধে সবাইকে সচেতন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি জানান।

সভায় চীনের একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button