
ফেনী প্রতিনিধি: ফেনী সদরে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার পর নির্মাণাধীন বাড়ির বালুর নিচে মরদেহ চাপা দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিন আক্তার সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। সম্প্রতি তারা পাশের জমিতে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে নির্মাণকাজ দেখতে গিয়ে শিরিন আক্তার নিখোঁজ হন। পরে নির্মাণাধীন বাড়ির বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে রাজু জানান, বিকেল থেকে মায়ের খোঁজ না পেয়ে তিনি নির্মাণাধীন ভবনে যান। সেখানে সাইফুল নামে এক নির্মাণশ্রমিককে দেখতে পান। জিজ্ঞাসাবাদে তিনি কোনো তথ্য না দিলেও পরে স্থানীয়দের সহায়তায় বালুর নিচে মরদেহের সন্ধান মেলে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত নির্মাণশ্রমিক সাইফুল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে।
ফেনী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।



