পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান, ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) পরিচয়ধারী একদল ব্যক্তির বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মে তারা ক্যাম্পাসে প্রবেশ করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায়।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যালয়ে টাঙানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করা হয়। পরে তারা উপাচার্যের দপ্তরেও প্রবেশ করে স্লোগান দিতে চাপ সৃষ্টি করে এবং বিশ্ববিদ্যালয় তাদের নির্দেশনা অনুযায়ী পরিচালনার হুমকিও দেয় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের মধ্যে এমবিএ শিক্ষার্থী সৌম্যদীপ বেরা ছিলেন, যিনি নিজেকে এবিভিপির ছাত্রনেতা হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে কয়েকজন বহিরাগতও ছিলেন বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ছাত্র সংসদ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে রেজিস্ট্রার ও উপাচার্যের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যায়। এ সময় বিভিন্ন কাগজপত্র ছুড়ে ফেলা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কিংবা ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি না রেখে শুধু নরেন্দ্র মোদি ও শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি রাখার কথাও বলা হয়।
এছাড়া, অকৃতকার্য ২২ শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া এবং এবিভিপি ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনকে ক্যাম্পাসে কার্যক্রম চালাতে না দেওয়ার দাবিও তোলা হয় বলে জানা গেছে।
যদিও অভিযুক্তদের একজন দ্য ওয়্যারকে বলেন, তারা কেবল দাবিদাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং কিছু কর্মী স্লোগান দিলেও অতিরঞ্জিতভাবে ঘটনাটি উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।



