
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আপন ভাই এবং একজন তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে একটি ছিনতাই চক্রকে নজরদারিতে রাখা হয়। পরে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে।
মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও আরও দুইজন পালিয়ে যায়।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তারা মূলত একা চলাফেরা করা পথচারী ও অটোরিকশার যাত্রীদের লক্ষ্য করত।
অভিযানে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



