
বাংলা টিভি ডেস্ক: ফেনীর দাগনভূঞায় মাকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেন রাফি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (১১ মে) দাগনভূঞা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম-এর আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
জবানবন্দিতে রাফি দাবি করেন, পরিবারের অবহেলা, ভুল বোঝাবুঝি এবং মানসিক কষ্ট থেকেই তিনি এই অপরাধ করেছেন। তার ভাষ্যমতে, মা-বাবা তাকে প্রায়ই মাদকাসক্ত ও বখাটে বলে তিরস্কার করতেন, যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে।
ঘটনার দিন তিনি নানার বাড়ি থেকে এসে মায়ের কাছে মাথা টিপে দিতে বলেন। কিন্তু মা দূরে সরিয়ে দিলে ক্ষোভের বশে প্রথমে মাকে ছুরিকাঘাত করেন। পরে চিৎকার শুনে এগিয়ে এলে বাবা ও বোনকেও আঘাত করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার মো. আবদুল মোতালেব জানান, অভিযুক্ত অনলাইনে দুটি ছুরি কিনে আগেই পরিকল্পনা করেন। পরবর্তীতে সেগুলো ব্যবহার করেই হত্যাকাণ্ড ঘটানো হয়।
এই ঘটনায় নিহত হন তার মা লাকি আক্তার (৪০)। একই ঘটনায় তার বাবা ও বোনও আহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মামলার তদন্ত চলছে।



