
বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় শতবর্ষী একটি বটগাছকে ঘিরে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমধর্মী এক রেস্টুরেন্ট। ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে এই বিনোদনকেন্দ্র এখন স্থানীয়দের আকর্ষণের জায়গা হলেও পরিবেশ সচেতন মহলে সৃষ্টি করেছে উদ্বেগ।
একসময় পথচারীদের বিশ্রাম ও পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল বটগাছটি। কিন্তু সম্প্রতি গাছটির ডালে কাঠ ও লোহার কাঠামো বসিয়ে সেখানে তৈরি করা হয়েছে বসার ব্যবস্থা। গাছের শরীরে ড্রিল করে পেরেক ও লোহার ফ্রেম লাগানো হয়েছে, এমনকি কিছু ডাল কেটে ফেলার অভিযোগও উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, মাটি থেকে প্রায় ২৫ ফুট ওপরে গোলাকার বসার স্থান তৈরি করে সেখানে চলছে খাবার পরিবেশন, আড্ডা ও ছবি তোলার আয়োজন। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে এলাকাটি।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের কোলাহল, মানুষের চলাচল এবং কাঠামোর চাপের কারণে গাছটির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। পাশাপাশি পাখিরাও ধীরে ধীরে তাদের পুরোনো আবাস ছেড়ে চলে যাচ্ছে।
পরিবেশ সচেতন ব্যক্তি ও প্রবীণ সাংবাদিক মো. ইসলাম উদ্দিন বলেন, একটি শতবর্ষী গাছ শুধু ছায়া দেয় না, এটি একটি জীবন্ত পরিবেশব্যবস্থা। গাছের গায়ে পেরেক ঠুকে বিনোদনের অবকাঠামো তৈরি করাকে তিনি প্রকৃতির প্রতি নির্মম আচরণ বলে উল্লেখ করেন।
তবে রেস্টুরেন্টের উদ্যোক্তা আবির হাসানের দাবি, জায়গাটি আগে অপরিচ্ছন্ন ছিল। পরিষ্কার-পরিচ্ছন্ন করে সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং গাছের ক্ষতি হয়—এমন কিছু করা হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, গাছের শরীরে এভাবে পেরেক ও লোহার কাঠামো বসানো ঠিক হয়নি। এতে দীর্ঘমেয়াদে গাছটির মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে বলেও তিনি জানান।



