Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কোরবানির গরু কিনলে ছাগল ‘ফ্রি’

বাংলা টিভি ডেস্ক: বাজারে পণ্য বিক্রিতে ‘একটি কিনলে একটি ফ্রি’ কিংবা নানা রকম উপহারের কথা শোনা যায় হরহামেশাই। তবে এবার কোরবানির ঈদকে সামনে রেখে এক ব্যতিক্রমী অফার নিয়ে এসেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক খামারি। তার খামারের বিশাল আকৃতির দুই ষাঁড় ‘কালু’ বা ‘ধলু’র কোনোটি কিনলেই ক্রেতা উপহার হিসেবে পাবেন একটি ছাগল।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের পশ্চিম খাওলিয়া গ্রামে ‘তাজু ডেইরি ফার্ম’-এর মালিক তাজুল ইসলাম এই ঘোষণা দিয়েছেন। তার খামারে লালন-পালন করা বিশাল এই ষাঁড় দুটি এখন এলাকার মানুষের মুখে মুখে।

খামারি তাজুল ইসলাম জানান, তার খামারের সবচেয়ে বড় আকর্ষণ ‘কালু’। ফ্রিজিয়ান জাতের সাদা-কালো রঙের এই ষাঁড়টির ওজন প্রায় ৪০ মণ এবং দৈর্ঘ্য ৭ ফুট। খামারির দাবি, এটিই এখন পর্যন্ত বাগেরহাট জেলার সবচেয়ে বড় গরু। তিনি কালুর দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। একই খামারের আরেকটি ষাঁড় ‘ধলু’র ওজন প্রায় ২৫ মণ, যার দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।

তাজুল ইসলাম বলেন, “সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পরম যত্নে ২৮ থেকে ২৯ মাস ধরে গরু দুটি বড় করেছি। কাঁচা ঘাস, কুঁড়া ও ভুসি ছাড়া কোনো ক্ষতিকর খাবার দেওয়া হয়নি। এবারের কোরবানির ঈদ উপলক্ষে যারা কালু বা ধলুকে কিনবেন, তাদের জন্য ২৫ হাজার টাকা মূল্যের একটি করে ছাগল উপহার হিসেবে রাখা হয়েছে।” অর্থাৎ দুটি গরু কেউ একসাথে কিনলে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল তিনি উপহার দেবেন।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ গরু দুটি দেখতে খামারে ভিড় করছেন। দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বিশাল আকৃতির এই পশু দুটিকে দেখতে আসা স্থানীয়রা বলছেন, এবারের কোরবানির হাটে কালু ও ধলুই হবে মোরেলগঞ্জের প্রধান আকর্ষণ।

তাজুল ইসলামের মূল পেশা দুগ্ধ খামার হলেও প্রতিবছর শখের বসে কোরবানির জন্য কিছু ষাঁড় লালন-পালন করেন। তবে এবারই প্রথম তিনি এত বড় আকৃতির গরু পালন করে এলাকায় সাড়া ফেলেছেন। এখন অপেক্ষা শুধু কাঙ্ক্ষিত ক্রেতার।

সংশ্লিষ্ট খবর

Back to top button