Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

গরু চুরির দায়ে আওয়ামী লীগ নেতার ছেলে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরু চুরির ঘটনায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক কসাইকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাই গরু বিক্রির নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও জবাইকৃত গরুর অংশবিশেষ।

পুলিশ জানায়, গত ৮ মে ২০২৬ তারিখে সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা এলাকার বাসিন্দা শুসংকর মন্ডল তার একটি গরু চুরির অভিযোগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন গণমাধ্যমে প্রকাশ পেলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই নোমান ছিদ্দিক, এসআই নাহিদ মাসুম ও সঙ্গীয় ফোর্স কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে সোহেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইসরাফিল এর ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেলের কাছ থেকে চোরাই গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মকবুল (৪৫) নামে এক কসাইকেও গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে সিরাজদিখান এর দেওভোগ এলাকায় বসবাস করছিলেন। পুলিশের দাবি, মকবুল চোরাই গরুটি কিনে জবাই করে মাংস বিক্রি করেন। তার ফ্রিজ থেকে জবাইকৃত গরুর চারটি পা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গরু চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button