ডুবে গিয়েছিলেন সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলাতে ঘটেছে এক চাঞ্চল্যকর ও আবেগঘন ঘটনা। প্রায় ৫৪ বছর আগে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলে ছৈয়দ আহাম্মদ হঠাৎ করেই ফিরে এসেছেন নিজ বাড়িতে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির শিকার হন তিনি। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ না মেলায় পরিবার তাকে মৃত বলেই ধরে নিয়েছিল। ধারণা করা হয়, দুর্ঘটনার পর নদীর স্রোতে ভেসে তিনি বিভিন্ন স্থানে চলে যান।
পরিবারের দাবি, একপর্যায়ে তিনি কোনোভাবে ভারত–এ পৌঁছে যান এবং দীর্ঘ সময় সেখানে বিভিন্ন এলাকায় ও ধর্মীয় স্থানে কাটান। সম্প্রতি হাওড়া স্টেশনে তার কাছে থাকা অর্থ ছিনতাই হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠায়।
গত মঙ্গলবার নিজ বাড়িতে ফিরে এসে তিনি পরিবারের সদস্যদের কাছে নিজের পরিচয় দেন। পরে আত্মীয়স্বজন ও এলাকার প্রবীণরা তাকে শনাক্ত করেন বলে জানা গেছে।
তবে তার ফিরে আসার পর পরিবারে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ছেলে আকরাম থানায় সাধারণ ডায়েরি করে অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি তার বাবাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে পারিবারিক সম্পদ ও অর্থসম্পর্কিত বিষয় নিয়েও বিরোধ দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, অর্ধশতাব্দীরও বেশি সময় পর একজন নিখোঁজ ব্যক্তির জীবিত ফিরে আসা সত্যিই বিরল ও বিস্ময়কর ঘটনা। এদিকে পুলিশ জানিয়েছে, পরিচয় ও পারিবারিক দাবিদাওয়া যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



