
বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় খামারিরা। সর্বশেষ এক রাতেই তিন খামারির মোট নয়টি গরু চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়কুড়া মালোপাড়া, ছোটকুড়া ও নান্দিনা কামালিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এর মধ্যে খামারি রুহুল আমিনের চারটি, সাইফুল ইসলামের তিনটি এবং সুবেল নামের আরেক কৃষকের দুটি গরু চুরি হয়।
ভুক্তভোগীরা জানান, রাতে গোয়ালে গরু রেখে ঘুমাতে যাওয়ার পর ভোরে উঠে দেখেন সব গরু উধাও। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে দাবি করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে গেছে। এর আগে অটোভ্যান ও কয়েকটি দোকানেও চুরির ঘটনা ঘটেছে। ফলে কোরবানির পশু নিয়ে এখন অনেক খামারি রাত জেগে পাহারা দিচ্ছেন।
নান্দিনা কামালিয়া গ্রাম-এর এক খামারি জানান, কোরবানির জন্য গরু মোটাতাজা করে রাখলেও চুরির ভয়ে তারা এখন উদ্বেগে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে কামারখন্দ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং চুরি ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



