Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

‘ছেলেরা ভাত দেয় না, তাই মাদক বেচি’, দণ্ড পেয়ে বললেন লতিফা

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ লতিফা বেগম (৫৫) নামের এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ভৈরবের মাদক বিক্রির ‘হটস্পট’ হিসেবে পরিচিত পঞ্চবটি পুকুরপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকের পর লতিফাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত লতিফা পঞ্চবটি এলাকার আক্কাস মিয়ার স্ত্রী। অভিযানে তার ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে লতিফাকে ভিডিও করতে গেলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন, ‌‘ছেলেরা দেখাশোনা করে না, ভাত দেয় না। তাই বাধ্য হয়ে মাদক বেচে পেট চালাই।’

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ভৈরব সার্কেলের সমন্বয়ে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। লতিফা ছাড়াও আরও দুজনকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে জিহাদ মিয়াকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটকের পর তাঁকে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় এবং জাকির হোসেনকে দুই পুরিয়া হেরোইনসহ সেবনরত অবস্থায় আটকের পর ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক স্পটটিতে অভিযান চালিয়ে লতিফার ঘর থেকে ইয়াবা ও জিহাদের ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করেছেন। অপরাধের গুরুত্ব অনুযায়ী তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের এই টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button