
বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইন আম ব্যবসাকে আরও নিরাপদ ও সংগঠিত করার লক্ষ্যে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নির্বাচিত হলে অনলাইনে আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করা হবে। তাঁর মতে, এই ব্যবস্থার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থা বাড়বে এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, রহনপুর পৌরসভা অঞ্চলের অর্থনীতির বড় অংশই আমনির্ভর, তাই এই খাতকে আধুনিক ও সুরক্ষিত করা জরুরি। অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় অগ্রিম টাকা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়—এই সমস্যা দূর করতেই ‘আম কার্ড’ চালুর পরিকল্পনা করা হয়েছে।
আশরাফুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।
স্থানীয় পর্যায়ে তার এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে অনলাইন আম ব্যবসায়ীদের মধ্যে এটি নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।



