
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজের ৭ দিন অতিবাহিত হওয়ার পরও সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে হতাশা নেমে এসেছে। ভাইকে ফিরে পেতে উদ্বিগ্ন হয়ে কান্নায় বোনের আহাজারি। স্বামীকে পেতে অপেক্ষার প্রহর গুনছেন অন্তঃসত্ত্বা স্ত্রী, অসুস্থ পিতার কাছে লুকানো হচ্ছে নিখোঁজের ঘটনা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হলেও মেলেনি সন্ধান।
রোববার বিকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপতা গ্রামে নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকারের বাড়িতে গিয়ে কথা হয় তার অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া (২১)-র সঙ্গে। তিনি জানান, ২০২৬ সালের ২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে হয় তার এসআই রাকিবুল হাসানের সঙ্গে।
স্ত্রী সামিয়া আরও জানান, কিশোরগঞ্জের পিবিআই থেকে পোস্টিং হয়ে গত মার্চ মাসের ২৪ তারিখে ঢাকার কলাবাগান থানায় যোগদান করেন তার স্বামী রাকিবুল হাসান। ২৭ এপ্রিল সকাল ১০টার সময় স্ত্রী সামিয়ার সঙ্গে তার কথা হয়। ওই দিনই বিকাল ৩টার সময় সামিয়া তার স্বামীর হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। দীর্ঘ সময় মেসেজের কোনো রিপ্লে না পেয়ে রাত ১০টায় ফোন দিয়ে রাকিবুলের নাম্বার বন্ধ পান। ওই দিনই রাত সাড়ে ১১টায় কলাবাগান থানা থেকে রাকিবুল হাসানের পিতার নাম্বারে ফোন দিয়ে জানান যে, ‘রাজিবুল হাসান ডিউটিতে যাননি, সে বাড়িতে গিয়েছেন কিনা?’ এরপরই রাকিবুল হাসানের নিখোঁজের বিষয়টি প্রকাশ পায়।
নিখোঁজ রাকিবুল হাসানের বড় বোন আফরোজা সরকার মেরি বলেন, তিনি নিখোঁজ ভাইয়ের কর্মস্থল কলাবাগান থানায় গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়াও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ভাইয়ের সন্ধান পাননি।
সোমবার (৪ মে) কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, এসআই রাকিবুল হাসান গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নাইট ডিউটির কথা বলে থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর খোঁজ নেই।
ওসি বলেন, প্রথমে বিষয়টি গরহাজির (অনুপস্থিত) হিসেবেই দেখা হয়। সেদিন রাতেই বিভাগীয় পদক্ষেপ হিসেবে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়। কিন্তু গত সাতদিনেও রাকিবুল ডিউটিতে যোগ দেয়নি, কর্মস্থলে আসেনি। সে সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন। এসআই রাকিবুল হাসানের সন্ধানের লক্ষ্যে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবা মাইজ উদ্দিন সরকার। রাকিবুল হাসানের অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রামের বাড়িতেই থাকেন।



