
বাংলা টিভি ডেস্ক: অতীতে অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা একটি গণতান্ত্রিক সমাজ গড়ব। কিন্তু মুক্ত গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক সমাজ তৈরি হতে পারে না। এই চ্যালেঞ্জটি দীর্ঘদিনের ফেলে রাখা একটি কাজ। কোনো সরকারের পক্ষে পরিপূর্ণভাবে এই কাজ করা তো সম্ভব হয়নি, বরং অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ সময় দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তথ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি এবং পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, দেশের রাজনীতি যদি সঠিক ধারায় না ফেরে তবে গণমাধ্যম কখনোই কাঙ্ক্ষিত স্বাধীনতা বা মান অর্জন করতে পারবে না। এ সময় বিনা বিচারে সাংবাদিকদের জেলে পাঠানোর সংস্কৃতি বন্ধে সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।



