
বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর চৌয়ালা এলাকায় প্রেমঘটিত বিরোধ মীমাংসাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৩০) পেশায় মিশুক চালক ছিলেন। অভিযুক্ত তার ছোট ভাই হাসান মিয়া (২৬), তিনিও একই পেশায় যুক্ত।
পরিবারের তথ্য অনুযায়ী, তাদের বোনকে নিয়ে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি আল-আমিন বিষয়টি মীমাংসা করে পরিবারসহ আবার নরসিংদীতে ফিরে আসেন। তবে ছোট ভাই হাসান এই মীমাংসা মেনে নিতে পারেননি।
ঘটনার আগের রাতে হাসান বড় ভাইকে হুমকি দেন। পরদিন সকালে আল-আমিন বাজারে গেলে আগে থেকেই ওত পেতে থাকা হাসান তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো কেঁচি দিয়ে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, পেটে গভীর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এআরএম আল মামুন, নরসিংদী মডেল থানার ওসি, জানান—ঘটনার সঙ্গে জড়িত হাসান ও সংশ্লিষ্ট আরেকজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



