
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের পেছনে বছিলা পশুর হাটের ইজারা নিয়ে বিরোধ ছিল বলে অভিযোগ করেছে পরিবার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট-এর বটতলা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বুধবার সকালে তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ৮–৯ জনকে আসামি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, বছিলা পশুর হাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল, শাহজাহান ও রনির সঙ্গে টিটনের বিরোধ চলছিল। ঘটনার কয়েকদিন আগেও টিটন তার ভাইকে এই দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন।
পুলিশ জানায়, টিটন একসময় দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিলেন এবং দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি ব্যবসায় যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন বলে পরিবার জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শুধু হাটের ইজারা নয়, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার নিয়েও পুরনো দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। পরিকল্পিতভাবে কয়েকটি দলে বিভক্ত হয়ে হামলাকারীরা তাকে অনুসরণ করে এবং সুযোগ বুঝে গুলি করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



