
বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে একটি পেট্রোল পাম্পে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মাদারগঞ্জ উপজেলা পৌর বাসটার্মিনাল এলাকার লাবনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকেই পাম্পটিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয় কৃষকেরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় এক ব্যক্তি প্লাস্টিকের বোতলে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা অন্যরা প্রতিবাদ জানান।
এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা, যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ফিলিং স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মালিকদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুমন চৌধুরী পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গ্রাহকদের মধ্যেই এই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং কিছু লোক রাস্তার বিপরীত দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।



