আবহাওয়া
৭ বিভাগে কালবৈশাখি ঝড়ের আভাস

বাংলা টিভি ডেস্ক: দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় খোলা জায়গায় অবস্থান না করা, ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।



