নোয়াখালীতে আ.লীগ অফিসের সামনে মাইকে স্লোগান, পুলিশ দেখে পালালেন যুবক

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যতিক্রমধর্মী এক ঘটনা ঘটেছে। একটি সিএনজি অটোরিকশায় মাইক লাগিয়ে অজ্ঞাত এক যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন, পরে পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।
সোমবার সকালে তালাবদ্ধ দলীয় কার্যালয়ের সামনে ওই যুবক সিএনজি অটোরিকশা নিয়ে এসে সেটির ওপর দুটি লাউডস্পিকার স্থাপন করেন। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে তিনি “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘটনাটি আশপাশের লোকজনের দৃষ্টি আকর্ষণ করে।
খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক দ্রুত অটোরিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



