
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে এক সাধারণ ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম তরিকুল ইসলাম।
অভিযোগ রয়েছে, মারধরের ঘটনায় আহত হওয়ার পর তরিকুল ইসলাম হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। সেখানে এক ছাত্রদল নেতা চিকিৎসকদের রোগীর নিবন্ধন খাতায় তাঁর নাম অন্তর্ভুক্ত না করার জন্য প্রচ্ছন্ন হুমকি দেন বলেও দাবি করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এ হামলায় অংশ নেন।
এ ঘটনায় কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তানজিল ভূঁইয়া গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্রশিবির দেশের ছাত্রসমাজের কাছে একটি জনপ্রিয় সংগঠন। কোনো ধরনের হামলা বা ভয়ভীতি দেখিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সোহেল রানার বক্তব্য পাওয়া যায়নি। কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য জানা যায়নি। এ ঘটনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।



