Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাশিক্ষা

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীর মাথার একপাশ কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী জাফরুল হুসাইনের ছেলে মো. নিয়ামুল হাসান। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার রোল নম্বর ১৯২২৬৭।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে ওই শিক্ষার্থী সামান্য আহত হয় এবং মাথার একপাশ কেটে যায়। এ ঘটনায় কক্ষে থাকা অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন।

আহত হওয়া ও চিকিৎসা নিতে সময় লাগায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানান।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর সে আবার পরীক্ষায় অংশ নেয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button