
বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুর সদরে এক বিয়েবাড়িতে খাবারের টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হারুনুর রশিদের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। পরদিন বরপক্ষের বাড়িতে আয়োজিত ভোজে কনেপক্ষের অতিথিরা গেলে বসার ব্যবস্থা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কনেপক্ষের অভিযোগ, তাদের খাবারের টেবিলে বসতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে বরপক্ষের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং কনেপক্ষের একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন ও মো. শাহ আলম। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কনেপক্ষের অতিথি ও ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, খাবারের টেবিলে বসা নিয়ে কথা কাটাকাটির পর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়দেব নন্দী জানান, আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মো. শাহিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



