Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম রুবেল মিয়া (২৭)। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে তার স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠার পর থেকেই জেসমিন বেগম, তার ভাই মিজানুর রহমানসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহতের বাবা আব্দুল জলিল বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button