যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার

মাদারীপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন— জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে জামিলের সঙ্গে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও মেলেনি।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিলের রুমমেট হিশামকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার ‘হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ’ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওইদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ছাত্রাবাসে জামিলকে এবং সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে দেখা যায়। পরদিন ১৭ এপ্রিল তাদের কোনো সন্ধান না পেয়ে এক পারিবারিক বন্ধু কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এর প্রেক্ষিতে পুলিশ দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করে। নিখোঁজ নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।
বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, তার বোনের সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এই ঘটনায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।



