ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি ও অবৈধভাবে কাজ করার অভিযোগে ৫৬ বাংলাদেশিসহ মোট ৬২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গত ২১ এপ্রিল সেলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এই আটক অভিযান পরিচালনা করে। অভিযানে দুইটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১২ জনের নথিপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৬২ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়।
আটকদের মধ্যে ৫৬ জন বাংলাদেশি ছাড়াও নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভিন্ন কোম্পানির নামে ইস্যুকৃত অস্থায়ী কর্ম ভিসা ব্যবহার করে পরিচয় গোপন করে অন্য প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসার শর্ত লঙ্ঘন।
অভিবাসন বিভাগ জানিয়েছে, এই ধরনের কার্যক্রম শুধু আইন লঙ্ঘন নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভিসা অপব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী অবৈধ অবস্থান, পারমিটের অপব্যবহার এবং শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাদের বর্তমানে বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে, তা তারা যেকোনো দেশের নাগরিকই হোক না কেন।



