
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন জামায়াত-শিবিরকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, তারা এখন একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, যুবদল মাঠে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং সংখ্যালঘুদের সম্পদ দখলের মতো কর্মকাণ্ডে জড়িত।
রবিউল ইসলাম নয়ন আরও বলেন, ১৯৭১ সালের মতোই একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে বলে তার মনে হচ্ছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সময়ে কিছু সুযোগ পাওয়ায় জামায়াত-শিবির নিজেদের শক্তিশালী মনে করছে। তবে যুবদল রাজপথে নামলে তাদের মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



