
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে ২২ বছর বয়সী সানি নামের এক যুবককে হত্যা করা হয়। নিহত সানি ওই এলাকার কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সানি স্থানীয় মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় একদল যুবক তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, প্রায় দুই–তিন বছর আগে স্কুলে খেলাধুলা নিয়ে মফিজুল নামের এক ব্যক্তির সঙ্গে সানির বিরোধ হয়েছিল। সেই পুরোনো ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।
ঘটনার পর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।



