পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ বিদ্রোহী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ অভিযানে ২২ জন ভারত-সমর্থিত বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস)।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব বিদ্রোহীর উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে বিদ্রোহীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়।
অভিযানে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। আইএসপিআর আরও দাবি করেছে, নিহতরা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। বর্তমানে এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী তাদের ‘আজম-এ-এস্তেহকাম’ নীতির আওতায় দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে নিরপরাধ শিশুর মৃত্যুকে সন্ত্রাসবিরোধী অভিযানে দৃঢ় অবস্থানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সীমান্তবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে।
এ প্রেক্ষাপটে পাকিস্তান ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু করে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ওই অভিযানে প্রায় ৭৯৬ জন আফগান তালেবান যোদ্ধা ও তাদের মিত্র বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া বহু যোদ্ধা আহত হয়েছে এবং আফগান তালেবান শাসনের শতাধিক চেকপোস্ট ধ্বংস বা দখল করা হয়েছে।



