আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সুবেদ আলীর বিরুদ্ধে এক প্রবাসী সদস্যকে হয়রানি করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী প্রবাসী মোস্তফা আলী এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমি ২০ বছরে ধরে মালয়েশিয়ায় থাকি। গত কয়েকদিন আগে দেশে এসেছি। অনেক কষ্ট করে আমার বাড়ির পাশে ৩ বছর আগে শিংরাবতে ৬ শতাংশ জায়গা কিনেছি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা সুবেদ আলী দাবি করে, জায়গা নাকি তার। সে ১৬ বছর আগে বায়না করেছে। কিন্তু ক্রয় করে নাই। বায়না করলে কি জায়গার মালিক হওয়া যায়। অথচ আমি এ জায়গার জন্য সরকারকে ভ্যাট ট্যাক্স দিতেছি।
তিনি আরও বলেন, সুবেদ আলীকে আমার কাছে প্রথমে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়াতে তিনি মূলত আমার পেছনে লেগেছে। এখন সুবেদ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার জায়গা দখল করে রাখার চেষ্টা করছে। তার কাজই হলো অন্যজনের কাছ থেকে চাঁদা নেওয়া। তিনি একজন ভূমিদস্যু।
প্রবাসী মোস্তফা আলী বলেন, আমি এ নিয়ে ইউনিয়ন অফিস, ফাঁড়ি, থানা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। এমনকি কোর্টে মামলাও করেছি। এলাকায় বসার জন্য গণ্যমান্যরা তাকে বললে সে বসে না। একদিন ইউনিয়ন অফিসে সাবেক চেয়ারম্যান আ. রশিদ মোল্লা তাকে অপমানও করেছে। তারপরও সে আমাকে হয়রানি করে যাচ্ছেই। আমি প্রশাসনসহ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে সুবেদ আলীর মুঠোফোনে কয়েকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা মো. রুবেল মিয়া বলেন, আমি তাদের দুইজনকেই বলেছি এলাকায় বসতে। কিন্তু সুবেদ আলী এলাকায় বসবে না। তিনি বলে আদালত ছাড়া অন্য কারো সিদ্ধান্ত মানবে না। আমি শুনেছি ক্রয়সূত্রে জায়গার মালিক মোস্তফা। আর বায়নাসূত্রে নাকি সুবেদ আলী মালিক। তবে বায়না করলে তো জায়গার মালিক হওয়া যায় না। আমি সমাধান করতে চেয়েছিলাম কিন্তু সুবেদ আলী গ্রাম্য শালিস মানতেছে না। এর বেশি আমি কিছু বলতে পারবো না।



