ইরান যুদ্ধের প্রভাব, জার্মানিতে চাকরি হারাবে ২ লাখ কর্মী!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা—বিশেষ করে ইরান-এ ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর হামলার প্রভাব এবার ইউরোপের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে জার্মানি-তে এ বছর ২ লাখেরও বেশি চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসরকারি সম্প্রচারমাধ্যম এন-টিভি এবং ক্রেডিট ইনস্যুরার অ্যালিয়েঞ্জ ট্রেড-এর তথ্য অনুযায়ী, কর্পোরেট দেউলিয়াত্ব বাড়ার কারণেই এই চাকরির ঝুঁকি তৈরি হয়েছে।
অ্যালিয়েঞ্জ ট্রেডের আঞ্চলিক প্রধান মিলো বোগার্টস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ইতোমধ্যেই জার্মান অর্থনীতিতে প্রভাব ফেলছে, আর এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে জার্মানিতে দেউলিয়াত্বের সংখ্যা বেড়ে প্রায় ২৪,৬৫০-এ পৌঁছাতে পারে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। তুলনামূলকভাবে, জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস জানিয়েছে, গত বছর দেউলিয়াত্বের সংখ্যা ছিল ২৪,০৬৪টি—যা আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি।
বিশ্বব্যাপীও কর্পোরেট দেউলিয়াত্ব প্রায় ৬ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী বছর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে এবং জার্মানিতে দেউলিয়াত্ব সামান্য কমে আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।



