
কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নৌ ফাঁড়ির ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটি পালনকালে এ হামলার ঘটনা ঘটে।
নৌ পুলিশের লক্ষীকুন্ডা ফাঁড়ির একটি দল নিয়মিত টহলে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে নৌ ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



