Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে লেখা ঘিরে উত্তেজনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরে বিকেল পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে ছাত্রদলের একাংশ ওই লেখার মধ্যে পরিবর্তন এনে ‘গুপ্ত’ শব্দ যুক্ত করে দেয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে।

এরপর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। বিকেলে আবারও নিউমার্কেট মোড় থেকে মিছিল নিয়ে শিবিরের নেতাকর্মীরা কলেজের দিকে অগ্রসর হলে দ্বিতীয় দফা সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছাত্রদল ও ছাত্রশিবির উভয়ই নিজেদের কর্মীদের আহত হওয়ার দাবি করেছে।

কলেজ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ও বিকেলের ক্লাস এবং পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button