দুর্গন্ধের সূত্র ধরে মাটি খুঁড়ে মিলল মা ও নবজাতকের লাশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি খুঁড়ে মা ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকাল ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পুলিশ মাটি খুঁড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, ৮-১০ দিন আগে ওই নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে।
পরিদর্শক রাসেল আহমেদ বলেন, “মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



