Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

বাংলা টিভি ডেস্ক: সংরক্ষিত নারী আসনে আমি কখনোই মনোনয়ন চাইনি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা স্পষ্ট করেন।

বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, তিনি মূলত পরিচিত মির্জা আব্বাসের স্ত্রী হিসেবে এবং এই পরিচয়ের বাইরে সাম্প্রতিক সময়ে তার নাম নিয়ে যেসব বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রস্তাব দেয়া হলেও তিনি নিজে কখনোই এ জন্য আবেদন বা আগ্রহ প্রকাশ করেননি। তবে এ প্রস্তাব দেয়ার জন্য তিনি দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আফরোজা আব্বাস আরও বলেন, তার নাম ব্যবহার করে যে ধরনের বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিকে ব্যক্তিগতভাবে অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি জানান, তার স্বামী মির্জা আব্বাস অসুস্থ থাকায় তিনি মানসিকভাবে চ্যালেঞ্জিং সময় পার করছেন। এই মুহূর্তে তার প্রধান অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আফরোজা আব্বাস নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের শুভকামনা জানিয়ে বলেন, যারা এই প্রক্রিয়ায় এগিয়ে এসেছেন তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তার। একই সঙ্গে তিনি পরাজিত বা নির্বাচিত না হওয়া প্রার্থীদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচিতদের প্রতি মানুষের, বিশেষ করে কিশোরীদের বড় প্রত্যাশা রয়েছে। তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন পূরণের দায়িত্ব নতুন প্রতিনিধিদের ওপর বর্তায়। তাই প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

সবশেষে আফরোজা আব্বাস বলেন, দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে নারীর সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ব্যক্তিগত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি বিশ্বাস করেন, নারীর শক্তি কখনো থেমে যায় না এবং তা থামানোও সম্ভব নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button