চুক্তি না মানলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার হুমকি’

বাংলা টিভি ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের চুক্তি না মানলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়ার হুমকি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি শেষ হওয়ার দুইদিন আগে তিনি এ হুমকি দেন।
রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আমরা খুব ন্যায্য এবং যুক্তিসঙ্গত একটি চুক্তি প্রস্তাব করছি। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে।’’
ট্রাম্প আরও বলেছেন, ‘‘যদি হরমুজ প্রণালি পুনরায় খোলা না হয় এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো না যায়, তাহলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।”
এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাত্রা করবে মার্কিন প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দেবেন মিস্টার ভ্যান্স। দলের সঙ্গে থাকবেন শীর্ষ ট্রাম্প সহকারী স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো।
উল্লেখ্য, এর আগে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি ছাড়াই ইসলামাবাদে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা শেষ হয়েছে। এটি ছিল ইরানি ও মার্কিন নেতাদের মধ্যে সর্বোচ্চ স্তরের সাক্ষাৎ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম যুদ্ধবিরতি ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। এই বিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স, ফক্স নিউজ।



