মদিনায় হজযাত্রীদের প্রথম কাফেলাকে ফুল দিয়ে বরণ

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের প্রথম হজ কাফেলা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ মৌসুমের যাত্রা শুরু হলো।
মদিনা বিমানবন্দরে আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল্লাহর মেহমানদের সেবায় বিমানবন্দর ও সংশ্লিষ্ট সব ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মসজিদে নববী-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। কয়েক দিন মদিনায় অবস্থানের পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এবং হজের মূল কার্যাদি পালনের জন্য ইহরাম বাঁধবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অনেক হজ ফ্লাইট মদিনা ও জেদ্দা বিমানবন্দরে পৌঁছাবে। হজযাত্রীদের জন্য পরিবহন, আবাসন ও স্বাস্থ্যসেবাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের সহায়তায় আলাদা টিম কাজ করছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। হজ মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলে জীবনে একবার পালন করা ফরজ।



