
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের পাশাপাশি ওসি ও চার পুলিশ সদস্যসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেই উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
তবে পরদিন শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলার শিকার হন পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের সময় ব্র্যাক কল্যাণ স্কুলসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশও অবস্থান করছে।
পাকুন্দিয়া থানার ওসি জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



