জাহাজে গুলি চালিয়ে ইরান জানান দিল, হরমুজ তাদের নিয়ন্ত্রণে

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সূত্র।
রয়টার্স ও সমুদ্র নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) হরমুজ প্রণালি অতিক্রমকারী দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।
ঘটনার পর ওই এলাকায় থাকা জাহাজগুলো ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পায়, যেখানে বলা হয় হরমুজ প্রণালিতে চলাচল সাময়িকভাবে বন্ধ এবং কোনো জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না।
এদিকে ইউকেএমটিও জানিয়েছে, হামলার সময় ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানো হলেও জাহাজটি এবং এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন।
ঘটনার আগে একই এলাকায় আটটি তেলের ট্যাংকারের একটি বহর চলাচল করতে দেখা গেলেও পরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে উত্তেজনা আরও বেড়ে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রগুলো বলছে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, যা নৌপরিবহন ব্যবস্থাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।



