Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে ঝালকাঠির ডা. মাহমুদা আলম মিতুকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১২ মে ভোটের আনুষ্ঠানিকতা শেষে তিনি সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জোটভিত্তিক বণ্টন অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি, জামায়াতে ইসলামী ও তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য ১টি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতের কোটায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুকে মনোনয়ন দেওয়া হয়েছে। একইভাবে জাগপার পক্ষ থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচন সরাসরি ভোটে হয় না। বরং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে পাওয়া আসনের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক নারী আসন পায় এবং সেই অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেয়।

ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ ঝালকাঠি ও বরিশালে কাটান। শৌলজালিয়া হাই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পর বেতাগী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং পরে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে আসার আগে থেকেই তিনি এলাকায় শিক্ষা, নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে কাজ করে আসছেন। ‘কেয়ার অব মিতু’ নামের একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।

তিনি জানান, চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা ও গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চান। পাশাপাশি ঝালকাঠিকে একটি নিরাপদ ও মানবিক জনপদে পরিণত করার লক্ষ্য তার।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসন ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত হয় এবং তিনি ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা অঞ্চলকে অগ্রাধিকার দিতে চান।

সংশ্লিষ্ট খবর

Back to top button