হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ এপ্রিল) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে সরবরাহ করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রীও উপহার হিসেবে দেওয়া হয়েছে। এসব সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন।



