‘নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল’— বিজেপিকে মমতা

তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে আয়কর দপ্তরের অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারের রাসমেলা মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি সরাসরি রাজনৈতিক লড়াইয়ে না পেরে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে। তার ভাষায়, এটি একটি “নির্লজ্জ ও ভীতু” রাজনৈতিক আচরণ।
তিনি অভিযোগ করেন, বিরোধীদের দমন করতে আয়কর দপ্তর, ইডি ও সিবিআইয়ের মতো সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি নরেন্দ্র মোদি-এর নোটবন্দির সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তোলেন—কালো টাকা ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?
মমতা আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেসের কার্যালয়, প্রার্থীর বাসা এমনকি তার নিজের নিরাপত্তা ব্যবস্থাকেও টার্গেট করা হচ্ছে। তবে এসব চাপের মুখেও তারা পিছিয়ে যাবেন না বলে দৃঢ় অবস্থান জানান তিনি।
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, কেন্দ্রীয় সংস্থার অভিযান সত্ত্বেও জনগণের সমর্থনে তার দল আবারও ক্ষমতায় ফিরবে।
উল্লেখ্য, একই সময়ে দক্ষিণ কলকাতার মনোহর পুকুর এলাকায় তৃণমূলের নির্বাচনি কার্যালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি স্থানে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। দলীয় সূত্র জানিয়েছে, দেবাশিস কুমারকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার আত্মীয়স্বজনের বাসাতেও অভিযান চালানো হয়েছে।



